দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে যমুনা টেলিভিশনের সাংবাদিক ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (টিআরইউ) সভাপতি বি এম খোরশেদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার প্রতিবেশী মো. হায়াত আলীর বিরুদ্ধে।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে শুক্রবার (৬ নভেম্বর) রাতে ঘিওর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
বি এম খোরশেদ যমুনা টেলিভিশনের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে সিনিয়র স্টাফ রিপোর্টারের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (টিআরইউ) সভাপতি।
জিডি সূত্রে জানা যায়, স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম ও বিভিন্ন অসংগতি নিয়ে আলোচনাকে কেন্দ্র করে প্রতিবেশী হায়াত আলীর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এর জেরে শুক্রবার দুপুর ১২টার দিকে ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী পশ্চিমপাড়ার একটি ইটসলিং সড়কে তাঁকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করেন হায়াত আলী।
এ সময় মন্তব্যের কারণ জানতে চাইলে হায়াত আলী ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে মারধর ও হত্যার হুমকি দেন বলেও জিডিতে অভিযোগ করেছেন সাংবাদিক খোরশেদ। এতে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
অভিযুক্ত হায়াত আলী ঘিওর উপজেলার শ্রীবাড়ী গ্রামের মৃত পরশ আলীর ছেলে। এ বিষয়ে তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবির জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই